বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংযুক্ত আরব আমিরাতের মিশনে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব, জনশক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা উঠে আসে।