ঢাকা: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসী হামলা ও তছনছ করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে না পারলে গণঅভ্যুত্থানের আসল চেতনা ক্ষুণ্ন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি মনে করেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে তরুণদের ঐতিহাসিক লড়াই কোনো নতুন জালিম গোষ্ঠীর হাতে দেশকে তুলে দেওয়ার জন্য ছিল না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ঘটে যাওয়া এই সন্ত্রাসী হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ঢাকার ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গভীর রাতে এই বর্বরোচিত হামলা চালায়। দুর্বৃত্তরা কক্ষের ভেতরে থাকা সিসিটিভিসহ দামি শুটিং সরঞ্জাম লুট করে নিয়ে যায় এবং ভেতরের জিনিসপত্র সম্পূর্ণ ধ্বংস করে দেয়।
জুলাই আন্দোলনে সালমান মুক্তাদিরের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, জুলাইয়ের সেই চরম কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, তখন সালমান মুক্তাদির প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন।
তিনি আহত ছাত্র-জনতার চিকিৎসা সেবা ও নিরাপদ আশ্রয়ের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সাহসী ঘোষণাও দিয়েছিলেন। রাজনৈতিক পরিবর্তনের পরও যদি নাগরিকদের সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে বাস করতে হয়, তবে সেই পরিবর্তনের সার্থকতা নিয়ে প্রশ্ন থেকে যায় উল্লেখ করে তিনি দেশবাসীকে সব ধরনের জঘন্য চাঁদাবাজ, সন্ত্রাসী ও জুলুমকারীর হাত থেকে মুক্ত রাখার আকুল প্রার্থনা জানান।