ঢাকা: বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর রবিউল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের পরিদর্শক মেজবাহ উদ্দিন সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তিনি ভারতীয় নাগরিক এবং গত ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় রবিউল নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন এবং পাসপোর্ট প্রদর্শন করেন। পরে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি যাচাই করে দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতে থাকা জন্মতারিখের সঙ্গে পাসপোর্টে থাকা জন্মতারিখের মিল নেই।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, রবিউল এর আগে একাধিকবার বাংলাদেশে এলেও দেশে আসা-যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছেন বলেও দাবি করা হয়।
পুলিশের ধারণা, তিনি বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় তাকে আপাতত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। গত ২৩ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্তের স্বার্থে এসব তথ্য যাচাই এবং তার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়।