Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২

মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের খেলায় উন্নতি দেখা গেল বটে কিন্তু মাঠ ছাড়তে হয়েছে হেরেই। আক্রমণে একের পর এক ব্যর্থতা, কর্নারগুলো কাজে লাগাতে না পারায় গোল পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত হ্যারিস স্টুয়ার্টের একমাত্র গোলে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

সোমবার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে ফিফা আসিয়ান কাপের ডিভিশন ওয়ানের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। আগের ম্যাচের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেও কাঙ্ক্ষিত জয় পায়নি থমাস ডুলির দল।

বিজ্ঞাপন

প্রথমার্ধেই ম্যাচের একমাত্র গোলটি আসে। ৩৫ মিনিটে বাম প্রান্ত থেকে নূর আদম আবদুল্লাহর ক্রস পেয়ে হ্যারিস স্টুয়ার্টকে অরক্ষিত অবস্থায় হেড করার সুযোগ দেয় বাংলাদেশের রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান সিঙ্গাপুরের মিডফিল্ডার। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারন করেছে।

গোল খাওয়ার পর অবশ্য নুইয়ে পরেনি বাংলাদেশ। বরং বিরতির পর আক্রমণের গতি বাড়ায় তারা। বলের নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা গেছে বাংলাদেশকে। সিঙ্গাপুরের বক্সে গিয়ে ফিনিশিংয়ে বারবার ব্যর্থ হয়েছে লাল-সবুজের দল।

আজ ম্যাচে ডুলি এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছিলেন। মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে না থাকা অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন একাদশে। তাঁর সঙ্গে শেখ মোরসালিন, শুকি ইতোফুসা ও জিদান ইউসুফও শুরু থেকে মাঠে নামেন। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ গোলবারের নিচে ভালো করেছেন। তবে শেষরক্ষা করতে পারেননি।

শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই ম্যাচ শেষ হয়। অর্থাৎ ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই পরাজয় বরণ হলো। সিঙ্গাপুরের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের ষষ্ঠ ম্যাচ। আগের পাঁচ দেখায় তিনবার হেরেছিল বাংলাদেশ এবং দুটি ম্যাচ ড্র হয়েছিল। এবার সেই পরিসংখ্যানেও যোগ হলো আরেকটি হার।

গ্রুপের শেষ ম্যাচে আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

‘দেশে এলপিজির কোনো সংকট নেই’
২৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৬

আরো

সম্পর্কিত খবর