চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রে সফররত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছেন ফিলাডেলফিয়ায় বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীরা।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামবাসী অব পেনসিলভানিয়া ইউএসএ-এর উদ্যোগে স্থানীয় ঢাকা ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করেছে , যা প্রবাসীদের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি ৩১ দফার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনে সকল প্রবাসীকে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাসেম। মোহাম্মদ হারেস ও শাহাদাত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ মুছা, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, সাংবাদিক শেখ খোরশান, মাহবুবুল আলমসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে ২৬সেপ্টেম্বর চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে আয়োজিত আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে তাকে সম্মাননাও দেওয়া হয়।