নাটোর: জেলার লালপুরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম সাদেক আলী (৫২)। তিনি উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের বাসিন্দা এবং জুড়ান মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজ এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে কুষ্টিয়ার চৌরহাস মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে সকাল ৬টা ৪০ মিনিটে উধনপাড়া হাজির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে থাকা সাদেক আলীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় অ্যাম্বুলেন্সটিতে চালক মো. সাইফ খাঁ (২১) ও সহকারী মো. মুসা ইসলাম (২০) ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সের থাকা শিশুর মরদেহ অটোরিকশাযোগে বাড়ি নিয়ে যান স্বজনরা।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমন্ত অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’