Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আ. লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৪:০২

বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম: আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামীলীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে। অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।’

বিজ্ঞাপন

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও সকাল ৭টার আগেই কাজীর দেউড়ি মোড়ে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। তারা সেখানে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল আসকার দিঘির পাড়, জামাল খান মোড় ও প্রেসক্লাব হয়ে চেরাগী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ডা. শাহাদাত বলেন, ‘দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামী লীগ। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে অনুশোচনা নেই।’ দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়নের দাবিও জানান তিনি।

এ ছাড়াও তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান ও ইয়াসিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম ও সরফরাজ কাদের রাসেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।