রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নে অবস্থিত বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে বিদ্যালয়ের ছাদের উপরে পাশের রুমে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হলে মিঠাপুকুরের শঠিবাড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি দাবি করেছেন, দুর্বৃত্তরা নাশকতার অংশ হিসেবে এই আগুন দিয়ে থাকতে পারে এবং তিনি ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি বা পুলিশি বক্তব্য পাওয়া যায়নি।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপ্যাক্টর মশিউর রহমান এই অগ্নিকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন, ‘স্টোর রুমে আগুন লেগে বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে। তবে অন্য কোন রুমে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনের সূত্রপাত কিভাবে হলো এখনো জানা যায়নি।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রংপুর অঞ্চলে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত নভেম্বরে রংপুর নগরীতে একটি কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটে, যা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছিল। এছাড়া মিঠাপুকুর উপজেলায় এর আগেও বিভিন্ন সময়ে বসতবাড়ি ও দোকানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে বলে জানা গেছে।