লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলাজুড়ে কিশোর গ্যাং ও উঠতি বয়সীদের বিরুদ্ধে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। পাঁচ ঘণ্টায় অভিযানে ৯৯ জনকে আটক করা হয়। এ নিয়ে গত তিন দিনের অভিযানে মোট ৫৪৭ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর পর্যন্ত আটক ৯৯ জনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানা পুলিশের যৌথ দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করা এবং কিশোরদের নিজেদের মধ্যে গ্যাং কালচার ও মারামারির মতো ঘটনা প্রায়ই ঘটছিল। এমন অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের তিন দিনে মোট ৫৪৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭৫ জনকে সতর্ক করে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আর ৭২ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সর্বশেষ আটক ৯৯ জনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, উঠতি বয়সী তরুণ ও কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এই নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে। আটক কিশোরদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।