বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান কোচ মালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন ৪৬ বছর বয়সী এই কোচ।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং তারপর ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে টেস্ট দলের ক্রিকেটাররা আমিরাতে পৌঁছেও গেছেন। সংযুক্ত আরব আমিরাতেই দলের সঙ্গে যোগ দিবেন মাকেতা।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা রয়েছে ৪৬ বছর বয়সী এই কোচের। লেভেল-৪ সনদধালী এই কোচ দুই দশকেরই বেশি সময় ধরে কোচিং নিয়ে কাজ করছেন। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মাকেতা। ২০১৯ বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফেরও অংশ ছিলেন তিনি।
জাতীয় দলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধিনে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
এছাড়া দক্ষিণ আফ্রিকার জাতীয় একাডেমিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেতা। দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলেরও কোচ ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে দীর্ঘদিন কোচিং করা মাকেতা বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।
বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বিসিবি যে আস্থা ও বিশ্বাস আমার ওপর রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে আমি মুখিয়ে আছি।’