Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঢাবি করেস্পন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ১৭:৪৬

– ছবি : সংগৃহীত

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গন থেকে এ অভিযান শুরু হয়। উক্ত কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মোজাদ্দেদী আলফেছানী, প্রক্টর ইসরাফিল প্রামাণিক রতন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‎প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে সবসময় পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই আজকের বাংলাদেশের এই অবস্থার পরিবর্তন করতে হলে ঢাবির শিক্ষক ও ছাত্রদেরই নেতৃত্ব দিতে হবে।
‎
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমরা ২০০ ডাস্টবিন এখানে দিয়েছি। প্রয়োজনে আরও দেব। কিন্তু কোনো ময়লা যাতে কোনো ছাত্র-ছাত্রী রাস্তায়, টিএসসির সামনে বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে না ফেলে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
‎
‎ক্যাম্পাসের টিএসসি, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় ভাসমান হকারদের নিয়ন্ত্রণের ওপরও জোর দেন তিনি। প্রশাসনকে হকারদের নির্দিষ্ট তালিকা করে আইডির আওতায় আনার প্রস্তাব দিয়ে তিনি বলেন, শহীদ মিনার আমাদের ঐতিহ্যের ও গর্বের জায়গা। কোনোভাবেই আমরা চাই না যে এই জায়গাটা অপরিচ্ছন্ন থাকুক।
‎
‎অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের নিজেদের জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটি কেউ করিয়ে দিতে পারে না, নিজের ভেতর থেকে বোধ তৈরি হতে হবে। এই কর্মসূচি শুধু এক দিনের জন্য নয়, সারা বছর আমাদের এই কার্যক্রম চালাতে হবে।
‎
‎যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে উপাচার্য আরও বলেন, ঢাবিতে কোনো অনুষ্ঠান শেষে যেন এক টুকরো পলিথিন, টিস্যু বা বাদামের খোসাও পড়ে না থাকে, সেই দায়িত্ব আমাদের সবার নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ, ছাত্রদল নেতৃবৃন্দ এবং পরিচ্ছনতাকর্মীগণ একটি প্রাণবন্ত র‍্যালির মাধ্যমে কলাভবনের সম্মুখে এসে ক্যাম্পাসে স্থাপিত নতুন ডাস্টবিন উদ্বোধন করেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন অপরিষ্কার স্থান পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর