ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের দুটি আলোকচিত্র প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার (৩ অক্টোবর) হোয়াইট হাউজের সৌজন্যে আলোকচিত্র দুটি প্রকাশের তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক।
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষ্যে বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠকে ডা. জুবাইদা রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে হাস্যোজ্জ্বলভাবে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
এর পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই বৈঠকে ডা. জুবাইদা রহমানও অংশ নেন।
হোয়াইট হাউজের সৌজন্যে প্রকাশিত অপর ছবিতে মেলানিয়া ট্রাম্প ও ডা. জুবাইদা রহমানকে পাশাপাশি দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী অংশ নেন।