Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্গাপূজার কেনাকাটায় সরগরম চাঁপাইনবাবগঞ্জ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ১৯:৩০ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬ ১৯:৩১

বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় বাড়ছে।

চাঁপাইনবাবগঞ্জ: দুর্গাপূজা শুরু হতে এখনো দুই সপ্তাহের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিপণিবিতানগুলোতে জমে উঠেছে পূজার কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মার্কেটে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে বাড়ছে বেচাকেনা।

শনিবার (৩ অক্টোবর) জেলা শহরের নিউমার্কেট, শহিদ সাটু কমপ্লেক্স, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেটসহ বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেছে, পূজা উপলক্ষ্যে নতুন নতুন ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে দোকানগুলো। তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ পছন্দের পোশাক কিনতে ছুটছেন মার্কেটগুলোতে।

বিজ্ঞাপন

দোকানিরা জানান, গত সপ্তাহের তুলনায় বর্তমানে পূজার পোশাকের বিক্রি বেড়েছে। পোশাকের পাশাপাশি মেয়েদের জুয়েলারি, সিঁদুর, চুড়ি, জুতা, স্যান্ডেলসহ বিভিন্ন প্রসাধনী ও পূজার অনুষঙ্গও ভালো বিক্রি হচ্ছে।

শহিদ সাটু কমপ্লেক্স মার্কেটের ফ্যাশন গ্যালারির মালিক পলাশ সিংহ বলেন, পূজা উপলক্ষ্যে সব বয়সী ক্রেতার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ রাখা হয়েছে। মেয়েদের মধ্যে সালোয়ার-কামিজ এবং ছেলেদের মধ্যে পাঞ্জাবি, ফতুয়া, প্যান্ট-শার্ট ও টি-শার্টের চাহিদা বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, পূজাকে সামনে রেখে পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনতে এসেছেন। বর্তমানে পোশাকের দামও মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে।

ব্যবসায়ীরা আশা করছেন, পূজার দিন যত ঘনিয়ে আসবে, কেনাকাটার ভিড় ও বেচাকেনা আরও বাড়বে।