ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪.৫ কেজি সোনাসহ ইয়াং ডন সিউ (৪৩) নামের এক মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। জব্দকরা এই ২৪ ক্যারেট সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
রোববার (৪ অক্টোবর) গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আটক যাত্রী মালয়েশিয়ার নাগরিক (পাসপোর্ট নম্বর- A61828082)।
কাস্টমস সূত্রে জানা যায়, মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইট MH-0196 যোগে ওই যাত্রী ঢাকায় অবতরণ করেন। ফ্লাইট থেকে নামার পর থেকেই গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন তিনি। পরবর্তীতে তিনি ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে ওই যাত্রীর শার্টের নিচে অভিনব কায়দায় কালো কাপড়ের বেল্টে পেঁচানো অবস্থায় ১ কেজি ওজনের ৪টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টি সহ মোট ৯টি স্বর্ণবার পাওয়া যায়। রাত ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে এই স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউস জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ‘কাস্টমস আইন ২০২৩’-এর ধারা ১৯১ অনুযায়ী উদ্ধারকৃত স্বর্ণ সাময়িকভাবে জব্দ করা হয়েছে। আটককৃত অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে।