দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বাড়ির ময়লা-আবর্জনা ফেলা নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটো ভাই মুকুল হোসেন (৩৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনা নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে বিরামপুর পৌরসভার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামান এবং নিহত মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের দুই ছেলে। এটিএম শামসুজ্জামান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। এবং মুকুল হোসেন পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ময়লা-আবর্জনা ফেলা নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বড় ভাইয়ের হাতে থাকা লাঠির আঘাতে মুকুল হোসেন গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালেই মুকুল হোসেনের মৃত্যু হয়।
ঘটনার পর বড় ভাই এটিএম শামসুজ্জামান পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।