পাবনা: পাবনার ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী পৌর শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিনসহ মৎস্য দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের মাছ বাজারে চিংড়ি মাছের ভেতরে ক্ষতিকর জেলি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ১০ কেজি জেলিযুক্ত ক্ষতিকর চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে ইলিশ মাছ না পাওয়া গেলেও জেলিযুক্ত চিংড়ি মাছ পাওয়া গেছে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত মাছ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’