ফরিদপুর: জেলার ভাঙ্গায় ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সুমন আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গ্রেফতার সুমন আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজা থেকে বেনাপোলগামী একটি এসি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর এলাকার হোসেন আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোলগামী হামদান এক্সপ্রেস লিমিটেডের একটি বিলাসবহুল এসি বাসে মাদক বহনের খবর পায় ভাঙ্গা থানা পুলিশ। পরে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল বগাইল টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়।
এ সময় বাসের জে-১ নম্বর আসনে বসা সুমন আলীর প্যান্টের পকেটে থাকা একটি প্যাকেট থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা ও বাসের টিকিট জব্দ করে সুমন আলীকে আটক করে পুলিশ।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতার সুমন আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’