চট্টগ্রাম: জেলার ফটিকছড়ি উত্তর উপজেলার সকাল থেকে নিখোঁজ থাকার পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রতিবেশীর আব্দুল আওয়ালের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু হালিমা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসিরের মেয়ে। শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জমি নিয়ে বিরোধের জেরে হত্যার সন্দেহের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে হালিমা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মসজিদের মাইকে শিশুটির নিখোঁজের খবর প্রচার করা হয়। বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায় পরিবার। খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। পরে রাত ৯টার দিকে প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই বাড়ির আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’