হোটেলে ওয়েটার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন মো. আলমগীর হোসেন। দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতায় এবার দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজারের (জিএম) স্বীকৃতি পেয়েছেন তিনি। সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (স্যাটা) ২০২৬-এ ‘দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার’ নির্বাচিত হয়েছেন শেল্টেকের প্লাটিনাম হোটেলসের গ্রুপ জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্মাননা অর্জনকারী প্রথম বাংলাদেশী তিনি।
বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের বার্সেলো নাসানধুরা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আলমগীর হোসেনের হাতে এ স্বীকৃতি তুলে দেয়া হয়। এবারের আয়োজনে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা অংশ নেয়।
আলমগীর হোসেনের কর্মজীবনের শুরু রাজধানীর শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনে ওয়েটার হিসেবে। আতিথেয়তা খাতে তার অভিজ্ঞতা ২২ বছরের বেশি। এ সময়ে অতিথিসেবা, বিক্রয় ও বিপণনসহ হোটেল পরিচালনার বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তিনি।
২০১৭ সালে প্লাটিনাম হোটেলসে যোগ দেয়ার পর থেকে বনানীর প্লাটিনাম গ্র্যান্ড ও উত্তরার প্লাটিনাম রেসিডেন্সের সার্বিক কার্যক্রম তদারকি করে আসছেন আলমগীর হোসেন। প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক অগ্রগতি, অতিথিসেবার মানোন্নয়ন, দক্ষ কর্মী গড়ে তোলা এবং পরিচালন ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছেন তিনি। পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, চীন ও শ্রীলংকায় প্রশিক্ষণ নিয়েছেন।
অন্যদিকে ‘স্যাটা’র এবারের আসরে প্লাটিনাম রেসিডেন্স বাই শেল্টেক ‘লিডিং সিটি হোটেল’ (৪০ কক্ষের নিচে) পুরস্কার অর্জন করেছে।