ব্যাংকক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক গ্রুপের ২০২৬ সালের সভা থাইল্যান্ডে শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দেশটির রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএসএনসিসি) এ সভা শুরু হয়।
সপ্তাহব্যাপী এ আয়োজনে বৈশ্বিক অর্থনীতি, আর্থিক স্থিতিশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের নানা বিষয় গুরুত্ব পাবে।
বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী ও আর্থিক খাতের প্রতিনিধিরা এ সভায় অংশ নিচ্ছেন।
বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, উন্নয়ন অর্থায়ন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। এ সভায় সদস্য দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক নীতি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এবারের সভায় প্রযুক্তিগত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, বেসরকারি খাতে বিনিয়োগ, সবুজ অর্থায়ন এবং অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় দেশগুলোর সক্ষমতা বাড়ানোর মতো বিষয়ও গুরুত্ব পেতে পারে।
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, বিভিন্ন দেশের ঋণের চাপ, বিনিয়োগের চাহিদা এবং উন্নয়ন অর্থায়নের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতিগত অবস্থান এবং সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা এবারের সভায় বিশেষ গুরুত্ব বহন করছে।
বার্ষিক সভার বিভিন্ন অধিবেশনে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, নীতিনির্ধারকদের মতবিনিময় এবং উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ তৈরি হবে।
এসব আলোচনা থেকে বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ ও উন্নয়ন অর্থায়নের অগ্রাধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসার প্রত্যাশা রয়েছে।