Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ ১৯ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৩:৫২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৪:৫৪

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু।

ঢাকা: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও নোবেলের সহযোগী এস এম ফরহাদের আত্মপক্ষ সমর্থনের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালত এ দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় দুই আসামির জবানবন্দি গ্রহণ করেন আদালত। জবানবন্দি শেষে তারা আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দেওয়ার আবেদন করেন। পরে আদালত সাফাই সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ নভেম্বর দিন নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

মামলাটিতে মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার পর ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজ থেকে প্রায় ৩০০ গজ উত্তর পাশে একটি পাকা রাস্তার পাশের ঝোপ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হয়েছিল।

প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বলে শনাক্ত হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে ২০২২ সালের ১৬ জানুয়ারি সকাল ৭টা থেকে ৮টার মধ্যে শিমুকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।

পরে ওই বছরের ২৯ আগস্ট মামলাটি তদন্ত শেষে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর