Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র ড্রোনে ধরা পড়ল বাঘ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৪:৪৮

সীমান্তের প্রতীকী ছবি।

ঢাকা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে তিনজন আহত হওয়ার পর বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে বাঘটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বাঘটিকে নিরাপদে উদ্ধারে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

রোববার (২৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯০৫/১১/এস-এর নিকটবর্তী উত্তর আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শরীফা বেগম হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে বাঘটির আক্রমণের শিকার হন। তার চিৎকার শুনে তাকে উদ্ধারে এগিয়ে এলে নজরুল ইসলাম ও আফছার আলী নামে আরও দুজন বাঘটির আক্রমণে আহত হন।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ফাঁকা গুলি ছোড়ে। এতে বাঘটি ঘটনাস্থল ত্যাগ করে পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাতে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে সীমান্তবর্তী জঙ্গলে বাঘটির অবস্থান শনাক্ত করা হয়।

বাঘটিকে নিরাপদে উদ্ধার এবং পুনরায় লোকালয়ে প্রবেশের ঝুঁকি এড়াতে জেলা প্রশাসনের মাধ্যমে লালমনিরহাট বন বিভাগকে অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধারের কার্যক্রম শুরু করেন।

বিজিবি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে। বাঘটির গতিবিধি পর্যবেক্ষণ, নিরাপদে উদ্ধার এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিজিবির সমন্বয় অব্যাহত রয়েছে।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর