Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক ও কিশোর গ্যাং গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ পুলিশের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ২১:২৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: মাদক ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (সেপ্টেম্বর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এ নির্দেশনা দেন।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মো. সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান “জিরো টলারেন্স”‌।

তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্ব পালনকালে জনগণের সাথে মানবিক আচরণ করতে হবে।

তিনি ডাকাতি মামলা রেকর্ড ও ঘটনা দ্রুত উদঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন। তিনি বলেন, ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করতে হবে, যাতে বিচারে সাজার হার বাড়ে। এছাড়া, তিনি সার্বিকভাবে অন্যান্য মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত আইজি বলেন, সমাজে ইতিবাচক ইমেজধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

সম্প্রতি সমাপ্ত শারদীয় দুর্গাপূজা নিরাপদে-নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় তিনি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরকে আইজিপির পক্ষে ধন্যবাদ জানান।

সভায় সেপ্টেম্বর, ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর