ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর জহিরুল আমিন মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় চান। তিনি ট্রাইব্যুনালকে জানান, মঙ্গলবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে আরও সময় চেয়েছে। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
এ মামলায় গ্রেফতার রয়েছেন ৩ জন। তারা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, একই উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। মঙ্গলবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন।
নিহতরা হলেন- আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। তাদের মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হন। অন্য চারজন তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলছে। আগামী ২৯ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।