Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভুয়া পেজ ও এআই ভিডিও প্রচার ঠেকাতে আইনি সহায়তা চাইলো জেকে লাইফস্টাইল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১৭:২২

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের অন্যতম বৃহৎ লাইফস্টাইল বিষয়ক পরামর্শক ও অর্গানিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচয় অপব্যবহার করে পরিচালিত কিছু ভুয়া পেজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন ভুয়া পেজ ও অ্যাকাউন্ট প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ম্যাটেরিয়াল অনুমতি ছাড়াই ব্যবহার ও প্রচার করছে। সেই সঙ্গে এআই দিয়ে তৈরি ডা. জাহাঙ্গীর কবিরের ভুয়া ভিডিও ব্যবহার করে বিভিন্ন পণ্যের প্রচারও চালানো হচ্ছে, যা গ্রাহকদের মাঝে বিভ্রান্তি তৈরি করছে।

এসব ঘটনায় এবার আইনি সহায়তা চাইলো প্রতিষ্ঠানটি। এরই লক্ষে গত ১৯ মে ডিএমপির বাড্ডা থানায় জেকে লাইফস্টাইলের অঙ্গপ্রতিষ্ঠান আল্টিমেট অর্গানিক লাইফের প্রশাসনিক ব্যবস্থাপক ইখলাস উদ্দিন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

জিডিতে উল্লেখ করা হয়, জেকে লাইফস্টাইল ও এর অঙ্গপ্রতিষ্ঠানের নাম, লোগো, ছবি ও পণ্য নিজেদের দাবি করে কিছু ভুয়া পেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও পণ্য বিক্রি করছে। ফলে, প্রতিষ্ঠানটির সুনাম ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে। একইসাথে, তারা আর্থিক ক্ষতির সম্মুখীনও হচ্ছেন। আগামীতে প্রতিষ্ঠানটির সুনাম ধরে রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও গ্রাহকদের প্রতারিত হওয়া থেকে সুরক্ষিত রাখতে এমন আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির পরিচয় ব্যবহার করে ভুয়া প্রচারণা ও পণ্য বিক্রির ঘটনা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে। এআই দিয়ে তৈরি ভিডিও যাচাই করে কোনো ব্যক্তি, পণ্য বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা নিশ্চিত করা অনেকের পক্ষে সম্ভব না-ও হতে পারে। ফলে, অনলাইনে প্রচারিত কোনো চটকদার বিজ্ঞাপন, ভিডিও, পণ্য বা অফার যাচাই না করে কেনাকাটা বা অর্থ পরিশোধ না করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে জেকে লাইফস্টাইল।

এ বিষয়ে জেকে লাইফস্টাইলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আমাদের কাছে গ্রাহকের আস্থা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেকে লাইফস্টাইল ও ডা. জাহাঙ্গীর কবিরের নাম বা ছবি ব্যবহার করা কোনো পেজ, বিজ্ঞাপন বা ভিডিও দেখলে সেটিকে আগে যাচাই করতে হবে। গ্রাহকের আস্থা ধরে রাখতে আমরা কেবলমাত্র আমাদের অফিসিয়াল যোগাযোগমাধ্যম ও অনুমোদিত বিক্রয়কেন্দ্রে কেনাকাটা ও অর্থ লেনদেনের অনুরোধ করছি। ফেক পেজ ও এআই ভিডিওর মাধ্যমে গ্রাহক যেন প্রতারিত না হন, সেকারনেই এই জিডি করা হয়েছে। এআই ভিডিওর মাধ্যমে বিভ্রান্ত হলে অথবা, ফেক পেজ থেকে কেনাকাটা বা অর্থ পরিশোধ করলে যে ক্ষতি হবে, জেকে লাইফস্টাইল তা বহন করতে বাধ্য থাকবে না।

এদিকে, লাইফস্টাইল পরিবর্তনের মধ্য দিয়ে গ্রাহকদের রোগমুক্ত আগামীর জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেকোনো ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে এবং কোনো পেজের সত্যতা নিয়ে সন্দেহ হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা রিপোর্ট করতে হবে। একইসাথে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এ বিষয়ে জানানোর অনুরোধ করেছে জেকে লাইফস্টাইল। অনলাইনে যেকোনো পণ্য কেনার আগে অবশ্যই বিক্রেতার পরিচয়, পেজের সত্যতা ও প্রচারিত তথ্য যাচাই করে নিতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর