খুলনা: খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির মধ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ৩ টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকার শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণটি লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে নয়, ফাঁকা সড়কে ঘটেছে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়ি বহর খুলনা খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ের বাবরী চত্বর থেকে ফুলতলার উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ীবহর ফুলবাড়ী গেট এলাকায় পৌঁছানোর আগে ৪-৫টি বিকট শব্দ শুনতে পান রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ। হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা দিক বদিক ছুটাছুটি করতে থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিষ্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী গেট শহিদ মিনার রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। তবে ঘটনার পর থেকে তদন্তে নেমেছে পুলিশ।