Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইনের খসড়া মন্ত্রিসভার অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ২০:৩০

ঢাকা: বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণ এবং সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে দুটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় এ অনুমোদন দেওয়া হয়।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। অধ্যাদেশটিকে আইনে রূপান্তরের লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন

সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ নম্বর দফা অনুযায়ী, রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়া আইনটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন

অন্যদিকে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উদ্যোগে প্রণীত এ সংশোধনীতে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং নতুন, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী দরপত্রদাতা ও সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন, সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির অধিকতর প্রয়োগ, পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধানের স্পষ্টীকরণ এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার বিধান রাখা হয়েছে।

সরকারি ক্রয়ের মূল আইনি কাঠামো ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’ সর্বশেষ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর মাধ্যমে সংশোধন করা হয়। অধ্যাদেশটিকে আইনে রূপান্তরের উদ্দেশ্যে নতুন সংশোধনী আইনের খসড়া তৈরি করা হয়েছে।

খসড়া আইনটি জনমত যাচাইয়ের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়া আইনটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সারাবাংলা/এমএমএইচ/এসআর