চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে মিলন (২০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় এক ট্রাকচালক ও অপর এক হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন পেছনের ট্রাকটির হেলপার ছিলেন। আহতরা হলেন—ট্রাকচালক মানিক (৩৫) এবং অপর হেলপার বিল্লাল (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে অপর একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও দুই সহকারী কেবিনে আটকা পড়েন। ঘটনাস্থলেই সহকারী মিলনের মৃত্যু হয়।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ জয়নুল আবেদীন তিতাস বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম হাইওয়ে পুলিশের সহায়তায় কেবিনে আটকে থাকা চালক ও সহকারীদের উদ্ধার করে। পরে আহতদের প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।’