চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মাইশা মুশফিরাত (২১) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডালাস পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও মিরসরাই থানাধীন খৈয়াছড়ার বটকাটিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইশা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’