Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাপান সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১৮:২৭

ঢাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

দুপুরে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিভিন্ন দিক, সফরকালে দুই দেশের মধ্যে সই করা চুক্তি ও সমঝোতা স্মারক এবং জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রপতিকে জানান।

বিজ্ঞাপন

এ সময় দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

রাষ্ট্রপতি এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব, বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।

বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিব-২সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর