Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্থগিত বিও হিসাব পুনরায় চালু করায় বিএসইসিকে স্বাগত জানাল ডিবিএ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৬:৩৮

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বিনিয়োগকারী ও পুঁজিবাজারের সামগ্রিক স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।ঢাকা স্টক এক্সচেঞ্জ

বুধবার (৪ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং বিএসইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এসব হিসাবে লেনদেন বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা তাদের শেয়ার কেনাবেচার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।শেয়ারে বিনিয়োগ করুন

এ পরিস্থিতিতে বন্ধ হয়ে থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর উদ্যোগ নেয় ডিবিএ। সংগঠনটি গত ২০ জুলাই ২০২৬ তারিখে বিএসইসির চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জমা দেয়। আবেদনে বলা হয়, কোনো আইনগত কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা কিংবা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

ডিবিএর এই আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থগিত হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কমিশনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডিবিএর মতে, বন্ধ বিও হিসাবগুলো পুনরায় সচল করার ফলে দীর্ঘদিন আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার আবারও লেনদেনের আওতায় আসবে। এতে পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়ার পাশাপাশি সামগ্রিক লেনদেনের পরিমাণ বৃদ্ধির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে এবং বাজারের প্রতি তাদের হারানো আস্থা পুনরুদ্ধারেও সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে।শেয়ারে বিনিয়োগ করুন

বিশেষ করে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংগঠনটি। ডিবিএর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিও হিসাব স্থগিত থাকায় এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক ও আর্থিক কার্যক্রমে সংকট তৈরি হয়েছিল। হিসাবগুলো পুনরায় চালু হলে আটকে থাকা শেয়ার লেনদেনের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে স্বাভাবিক ও সক্রিয় ব্যবসায়িক কার্যক্রমে ফিরে আসার সক্ষমতা অর্জন করতে পারবে।শেয়ার লেনদেন গাইড

সংগঠনটির মতে, এর মাধ্যমে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে এবং তাদের ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে। পাশাপাশি পুঁজিবাজারে এসব প্রতিষ্ঠানের কার্যকর অংশগ্রহণ ও সামগ্রিক গতিশীলতা বাড়বে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ আরও জানায়, দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের নেওয়া পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে সংগঠনটি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে। এ লক্ষ্যে অতীতের মতো বিএসইসিসহ পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে এবং প্রয়োজনীয় ভূমিকা রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে ধন্যবাদান্তে স্বাক্ষর করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি মো. দিদারুল গনী।