ঢাকা: অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিপে-তে বেশ কিছু নিরাপত্তাঝুঁকি শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ভারত থেকে প্রতিষ্ঠানটির সার্ভারে প্রবেশের বিষয়টিও রয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় ডিজিপে-কে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) থেকে বিচ্ছিন্ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে এনপিএসবির মাধ্যমে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ হয়ে গেছে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘যাচাই-বাছাইয়ের সময় ডিজিপের ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত কার্যক্রমে বেশ কিছু নিরাপত্তাগত ত্রুটি পাওয়া গেছে। এসব ত্রুটি পর্যালোচনা করে প্রতিষ্ঠানটিকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরিফ হোসেন খান বলেন, ‘সাইবার নিরাপত্তা এবং নাগরিকের তথ্যের গোপনীয়তা রক্ষা বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার। কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হওয়ার অভিযোগ উঠলে সেটিকে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক।’
তিনি আরও বলেন, ‘ডিজিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত শেষ করতে সময় লাগে। এ কারণে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটিকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।’
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে ডিজিপে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এনপিএসবির মাধ্যমে তাদের লেনদেন বন্ধ হয়ে গেছে। তবে এনপিএসবির বাইরে প্রতিষ্ঠানটির অন্যান্য সেবা আগের মতোই চালু রয়েছে।
উল্লেখ্য, এনপিএসবি বাংলাদেশ ব্যাংক পরিচালিত দেশের আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক। এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক ইলেকট্রনিক লেনদেনের সুবিধা পেয়ে থাকে। অন্যদিকে, ডিজিপে পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড ও ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি ২০২৩ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স পায়।