ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় গলফ ক্লাবের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ জন গ্রেফতার করা হয়েছে। তবে নাম ও পরিচয় জানা যায়নি।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলায় থানা পুলিশ ৪ জন, ডিবি পুলিশ ৫ জন, এসআরইউ ৩ জনসহ সর্বমোট ১২ জন গ্রেফতার করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাব লাগোয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে ওই গাড়ির চালক এক পুলিশ কনস্টেবল এনামুল আহত হন। তিনি ক্যান্টনমেন্ট থানার টহল গাড়ি ‘গলফ ক্লাব ৮৩’র চালক হিসেবে দায়িত্বরত ছিলেন। বাম চোখে আঘাতপ্রাপ্ত এনামুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছিল, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করা হয়।