ঢাকা: সরকারি ক্রয় প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনা, ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রপতির জারি করা তিনটি পৃথক অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে পেশ করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ‘(১)’ দফার ক্ষমতাবলে সংসদের অধিবেশন স্থগিত থাকা অবস্থায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাদেশগুলো জারি করেছিলেন।
উত্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে গত ২১ সেপ্টেম্বর জারি করা ‘সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর মাধ্যমে বিদ্যমান দরপত্র প্রক্রিয়ায় যোগ্যতার পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে। নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং পিছিয়ে পড়া দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে দীর্ঘদিনের অভিজ্ঞতা বা উচ্চ বার্ষিক লেনদেনের মতো কঠোর শর্ত আরোপ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেশীয় পণ্য কেনাকে অগ্রাধিকার দেওয়া এবং বিদেশি দরদাতাদের ক্ষেত্রে ন্যূনতম বাংলাদেশি অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগের বিধান রাখা হয়েছে। কারিগরিভাবে উত্তীর্ণ প্রস্তাবগুলোর আর্থিক দরপত্র আলাদাভাবে খোলা এবং অস্বাভাবিক কম দর পৃথকভাবে যাচাইয়ের বিধানও এতে যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, গত ১৩ অক্টোবর জারি করা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর মাধ্যমে ২০১২ সালের ভ্যাট আইনের ৬৪ ধারায় সংশোধন আনা হয়েছে, যা ১ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে। নতুন বিধান অনুযায়ী সাধারণ প্রতিষ্ঠানগুলোকে প্রতি কর মেয়াদ শেষের ১৫ দিনের মধ্যে এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা ও শূন্য রিটার্ন দাখিলকারীদের ২০ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। জনস্বার্থে এনবিআর সময় বাড়াতে পারলেও জরিমানা বা সুদ মওকুফ করতে পারবে না এবং মাসিক রিটার্নে সম্পূরক শুল্কের তথ্য যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া গত ১৯ অক্টোবর জারি করা ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের কাঠামো তৈরি করা হয়েছে। সরকারি-বেসরকারি স্থাপনা, আবাসিক ভবন, সেচপাম্প, হিমাগার, ইভি চার্জিং স্টেশন, চা-বাগান ও কৃষিজমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প এর আওতাভুক্ত হলেও বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র এতে থাকছে না। ওপেক্স ও ক্যাপেক্স এই দুই অর্থায়ন মডেলে পরিচালিত হতে যাওয়া এই কার্যক্রমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নীতি পরিষদ গঠিত হবে। পাশাপাশি সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরি, ক্ষতিসাধন বা অবৈধ সংযোগের দায়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।