ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় তেলের লড়ির ধাক্কায় তাউসিফ (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১নভেম্বর) খিলক্ষেত পুলিশ বক্সের পাশে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত তাউসিফের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামে। বাবার নাম কামরুল ইসলাম। বর্তমানে ক্যান্টনমেন্ট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং হাতিরপুলে মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন।
হাসপাতালে মোটরসাইকেল চালক মো. সেলিম জানান, তিনি নিজে ভাড়ায় মোটরসাইকেল চালান। সকালে এয়ারপোর্ট থেকে ওই যুবককে নিয়ে হাতিরপুল যাচ্ছিলেন। খিলক্ষেত পুলিশ বক্সের সামনে এলে পেছন থেকে তেলের একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহী তাউসিফ ছিটকে পড়ে আহত হন। এর পর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানা পুলিশ তদন্ত করছে।