কুমিল্লা: কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণীকে ধর্ষণের পর হত্যা এবং এ ঘটনা দেখে ফেলায় তার মাকে হত্যার দায়ে মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন তিনি। এ ঘটনা দেখে ফেলায় রিনথীর মা তাহমিনা বেগমকেও হত্যা করেন মোবারক।
পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত তাহমিনা বেগমের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে মোবারকের সম্পৃক্ততার তথ্য পেয়ে ৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন তিনি।
তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২৬ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর দুই মাস ১৫ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে আদালত এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।’