সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদের অধিবেশন। বিরোধী দলের এক সংসদ সদস্য সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। কৃষিমন্ত্রী এর জবাব দেওয়ার সময় তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের এক সংসদ সদস্য সম্পূরক প্রশ্নের সময় এ অভিযোগ করেন।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ওই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, ‘সারের ডিলারের ২৮ জনই বিএনপি। তার মধ্যে ১০ জন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগ্নি। কিছুদিন আগে নাটোরের এক ছাত্রদল নেতাকে এক এমপির সন্তান কুপিয়ে হত্যা করেছেন। সেই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন। সারা দেশব্যাপী সারের ডিলার নিয়োগের যে মহোৎসব হয়েছে, সেখানে সংরক্ষিত আসনের যেসব এমপি রয়েছেন, অসাংবিধানিক এই সংরক্ষিত আসনের এমপিরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। ১৫টি ইউনিয়নের হয়তো ৩০টিতে ডিও দিয়েছেন। ডিলারশিপে যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এমপির স্ত্রীরা ডিলারশিপ পেয়েছেন, ভাগ্নিরা ডিলারশিপ পেয়েছেন, ছেলেরা ডিলারশিপ পেয়েছেন। আওয়ামী লীগের যারা আগে ব্যবসা করতেন, মন্ত্রণালয় থেকে যে নিয়ম করে দেওয়া হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পান, সেই ব্যবস্থাও মন্ত্রণালয় করে দিয়েছিল। এটা সুপরিকল্পিত ছিল কি না এবং এই ডিলারশিপগুলো আবার পর্যালোচনা করা হবে কি না?’
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘সংসদ সদস্য অনেকগুলো প্রশ্ন করেছেন। তার মধ্যে মূল যে বিষয়টি উঠে এসেছে, তা হলো, প্রথমে তিনি বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই।’ তার এ মন্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন।
মন্ত্রী বলেন, ‘উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন, তাহলে ভিন্ন।’ এ সময়ও বিরোধী দলের সদস্যদের হট্টগোল অব্যহত থাকে।
কৃষিমন্ত্রী স্পিকারের উদ্দেশে বলেন, ‘সারের ডিলার কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে… আমি আশা করব, আমি নতুন মন্ত্রী। এই কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়। আপনার কাছে আমি এটা চাই, যেন সাইড টক না করে। আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেব, অসুবিধা নেই।’
এরপর মন্ত্রী আরও বলেন, ‘সারের ডিলার নিয়োগের জন্য দুটি কমিটি তৈরি করা হয়েছে। একটি উপজেলা পর্যায়ে, অন্যটি জেলা পর্যায়ে। উপজেলার কমিটি ইউএনওর নেতৃত্বে, জেলার কমিটি ডিসির নেতৃত্বে। কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে? সেখানে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন ছিল—সারের ডিলার পেতে হলে কী কী যোগ্যতা ও শর্ত থাকতে হবে। ওই অনুযায়ী উপজেলা ও জেলাকে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক ষোলো আনা তা অনুসরণ করে নির্বাচন করতে হবে।’
তিনি বলেন, ‘মানুষ প্রথমে ডিসি অফিসে আবেদন করেছেন। ডিসি সাহেব সেটি ইউএনওর কাছে পাঠিয়েছেন। ইউএনওর দফতরে উপজেলা কৃষি কর্মকর্তা এবং যে ওয়ার্ড বা ব্লকের জন্য আবেদন করা হয়েছে, সেই ব্লকের কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিটি রয়েছে। ওই কমিটি যাচাই-বাছাই করেছে।’
এসময় আবারও হট্টগোল শুরু হলে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ… মাননীয় বিরোধী দলের চিফ হুইপ… May I have your attention please?’
এ সময় বিরোধী দলের চিফ হুইপ বলেন, ‘আমাদের তো কথা বলার অধিকার আছে। জবাব দেওয়ারও অধিকার আছে। যেহেতু মাননীয় বিরোধী দলের নেতা নেই, this is your responsibility to discipline the opposition member of parliament, please. Thank you.’
কৃষিমন্ত্রী বলেন, ‘এরপর আমার মনে হয়, তারা যেটা সন্দেহ করছেন, আমার বক্তব্যের শেষে সেই সন্দেহ দূর হয়ে যাবে। এরপর যাচাই-বাছাইয়ের পর আবেদন ডিসি অফিসে যাবে। সেখানে ডিসি সাহেবের নেতৃত্বাধীন যে কমিটি আছে, সেই কমিটিতে উপদেষ্টা হিসেবে সংশ্লিষ্ট এলাকার এমপিকে রাখার সুযোগ আছে।’
মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও উত্তপ্ত পরিস্থিতি ও হট্টগোল চলতে থাকে। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।