Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগকে তথ্য পাচারের অভিযোগে নজরদারিতে এসপি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৭:২৬

চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ব্যক্তিগত ও দাফতরিক দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি তাকে নজরদারিতে রেখেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।

অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে কমিটি। এর পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ সদর দফতর।

বিজ্ঞাপন

তিনি জানান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রশাসনিক বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে তাকে ডেকে পাঠানো হয়। পরে তার ব্যক্তিগত ও দাফতরিক মোবাইল ফোন দুটি জব্দ করা হয়। একই সঙ্গে তাকে নজরদারিতে রেখে অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। তবে বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না, আবার আটকও বলা যাবে না। তার জব্দ করা দু’টি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে। এরপর পুলিশ সদর দফতর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

পুলিশ সূত্র জানায়, ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর