Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভাবে ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১২:৩০

অভিযুক্ত মা অনিকা আক্তার।

বাগেরহাট: মোড়েলগঞ্জে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের ১৫ মাস বয়সি শিশুপুত্রকে স্ট্যাম্প লিখে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

অভিযুক্ত মা অনিকা আক্তারের (১৮) বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তিনি ওই গ্রামের পলাশ শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আল-আমিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। পরবর্তীতে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি তার ১৫ মাস বয়সি শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে স্থানীয় এক প্রতিবেশীর স্ত্রী ও শিশুটির নানা পলাশ শেখের সহযোগিতায় মোংলা উপজেলার এক ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশুটিকে মোট ৬০ হাজার টাকায় বিক্রি করা হলেও মা অনিকা আক্তার হাতে পেয়েছেন মাত্র ৩০ হাজার টাকা। স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে এই অবৈধ লেনদেন সম্পন্ন হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মা অনিকা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাচ্চাকে খাবার দিতে পারতাম না, অসুস্থ হলে চিকিৎসাও করাতে পারতাম না। অনেক কষ্টে আছি বলেই নিজ ইচ্ছায় ওকে অন্যের কাছে দিয়েছি, যাতে ও অন্তত ভালো থাকে।’

এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা জানান, শিশু বিক্রির সঙ্গে জড়িত এবং শিশুটির মা অনিকা আক্তারসহ সংশ্লিষ্টদের সকালে হাজির হতে বলা হয়েছে। বিস্তারিত শুনে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর