Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে জলপাইয়ের বাম্পার ফলন, ২ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

আশরাফুল ইসলাম জয়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৬ ০৮:৩১
সিরাজগঞ্জ: মৌসুমি ফল জলপাইয়ের ভালো ফলনে সিরাজগঞ্জে জমে উঠেছে কেনাবেচা। গাছভর্তি জলপাই আর হাটে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরেছে স্থানীয় ফলের বাজারে। অনুকূল আবহাওয়ায় এবার ফলন ভালো হওয়ায় মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ। প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে জলপাই সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে বাগবাটি হাটে। সেখান থেকে পাইকারদের মাধ্যমে এসব জলপাই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। আকার ও মানভেদে প্রতি মণ জলপাই বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি, ফুলকোঁচা, ধলডোপ, ভদ্রঘাট ও ঘোড়াচড়াসহ বিভিন্ন গ্রামের বাড়ির আঙিনা, রাস্তার পাশ ও বসতবাড়ির আশপাশে রয়েছে অসংখ্য জলপাই গাছ। এসব এলাকায় বাণিজ্যিকভাবে পরিকল্পিত জলপাই বাগান গড়ে না উঠলেও ব্যক্তিগত ও বসতবাড়ির গাছগুলো থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ ফল পাওয়া যাচ্ছে। বিশেষ করে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে ধরেছে প্রচুর জলপাই। ফলে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে মৌসুমি ফলভিত্তিক ব্যবসার নতুন কর্মচাঞ্চল্য।
ব্যবসায়ীরা জানান, জলপাই মৌসুম শুরুর আগেই স্থানীয় ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন এলাকার গাছগুলো এক বছরের জন্য কিনে নেন। গাছে ফল পরিপক্ব হলে শ্রমিক দিয়ে জলপাই সংগ্রহ করা হয়। প্রতিটি গাছ থেকে পাওয়া যাচ্ছে আনুমানিক ৮ থেকে ১০ মণ ফল। সংগ্রহ করা জলপাই বস্তায় ভরে প্রথমে নেওয়া হয় বাগবাটি হাটে। সেখানে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার ও বাছাই করার পর পাইকারি বিক্রির জন্য প্রস্তুত করা হয়।
স্থানীয়দের কাছে বাগবাটি হাট এখন জলপাই বেচাকেনার অন্যতম পরিচিত কেন্দ্র। প্রতিবছর মৌসুমে প্রায় তিন মাস ধরে এ হাটে চলে কেনাবেচা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকার ব্যবসায়ী, পাইকার ও খুচরা ক্রেতাদের পদচারণায় মুখর থাকে বাজার। জলপাই সংগ্রহ, পরিবহন, পরিষ্কার ও বস্তাবন্দী করার কাজে যুক্ত থাকছেন স্থানীয় শ্রমজীবী মানুষও। এতে মৌসুমি কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও যোগ হচ্ছে বাড়তি গতি।
জলপাই ব্যবসায়ী আব্দুল হাই বলেন, প্রতিবছর এই মৌসুমে বাগবাটি হাটে প্রচুর জলপাই কেনাবেচা হয়। আমরা আগেই বিভিন্ন গাছ কিনে রাখি। ফল পরিপক্ব হলে গাছ থেকে সংগ্রহ করে হাটে নিয়ে আসি। এরপর পরিষ্কার করে পাইকারদের কাছে বিক্রি করি। এবার ফলন ভালো হওয়ায় বাজারে জলপাইয়ের সরবরাহও বেশি।
আরেক পাইকারি ব্যবসায়ী আজাহার আলী বলেন, বাগবাটি হাট থেকে জলপাই কিনে পরিষ্কার ও বাছাইয়ের পর বস্তায় ভরে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। আকারভেদে প্রতি মণ জলপাই ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে পরিবহন খরচ ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের লাভের পরিমাণ কিছুটা কমেছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আনোয়ার সাদাত বলেন, জেলায় জলপাইয়ের উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে চাষাবাদ বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় ১০১ হেক্টর জমিতে প্রায় ৯০৫ মেট্রিক টন জলপাই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি মণ জলপাই ৬০০ থেকে ১ হাজার টাকা হিসাবে এ পরিমাণ উৎপাদিত ফলের সম্ভাব্য বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৩৬ লাখ থেকে ২ কোটি ২৬ লাখ টাকা। অর্থাৎ চলতি মৌসুমে সিরাজগঞ্জে জলপাই ঘিরে প্রায় দুই কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সুযোগ বাড়ানো গেলে সিরাজগঞ্জের জলপাই ভবিষ্যতে আরও বড় বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করতে পারে।
বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর