Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ আ. লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৩:৫৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ ১৪:০৯

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে এবং দেশে অরাজকতা ও নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে সতর্ক থাকবেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেফতার এবং আওয়ামী লীগের সঙ্গে তাঁর যোগাযোগ ও পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে। কেউ যেন কোনোভাবেই বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে, সে বিষয়ে সাধারণ জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সজাগ রয়েছেন। সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং এর অংশ হিসেবেই চট্টগ্রামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই; বরং দেশের ভেতরে ও বাইরে থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, আবার কোথাও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে । পাশাপাশি দেশের অর্থনীতির অন্যতম খাত পোশাকশিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।

শেখ হাসিনার অনুসারীরা দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে দাবি করে রিজভী বলেন, তাদের মালিকানাধীন কিছু পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব বিরূপ পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন ।

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর