ঢাকা: শেষ হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের প্রকল্প মূল্যায়ন। শনিবার (১৪ নভেম্বর) ২ দিনব্যাপী এ প্রতিযোগিতার শেষ দিনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে দেশের ৯টি শহরের ৬০০টির বেশি দলের জমা দেওয়া প্রকল্প মূল্যায়ন করেন শতাধিক বিচারক। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৫৭ জন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো অনলাইনে নিজেদের তৈরি প্রকল্প, অ্যাপ্লিকেশন ও ভিডিও উপস্থাপনা জমা দেয়। বিচারকেরা প্রকল্পগুলোর উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত বাস্তবায়ন, সৃজনশীলতা এবং বাস্তব সমস্যার সমাধানে কার্যকারিতার ভিত্তিতে সেগুলো মূল্যায়ন করেন।
এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার’। নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য-উপাত্ত ব্যবহার করে পৃথিবী ও মহাকাশ-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে কাজ করে অংশগ্রহণকারী দলগুলো। প্রকল্পগুলোর বিষয়বস্তুর মধ্যে ছিল মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ।
দেশের ৯টি শহর—ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা ও বরিশালে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরভিত্তিক আয়োজন সমন্বয় করেন যথাক্রমে মোহাম্মদ মাহদী উজ জামান, অভিজিৎ ভৌমিক, আনিসুল হক ভূঁইয়া, দেলোয়ার আলম, তৌফিক এলাহী প্লাবন, রিফায়েত ইসলাম রিফাত, সানজার আদনান আলম, মো. পারভেজ কাওসার ও আরিফুল হাসান অপু।
এ আয়োজনের টাইটেল স্পনসর ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
স্থানীয় পর্যায়ের মূল্যায়নে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী সময়ে বৈশ্বিক বিচারপর্বের জন্য বিবেচিত হবে। এ পর্যায়ে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের নির্বাচিত প্রকল্প মূল্যায়ন করবেন। তাঁদের মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করা হবে বৈশ্বিক বিজয়ীদের নাম।