Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফ স্বপ্নভঙ্গে শ্রাবনের দুঃখপ্রকাশ, জামালের ক্ষোভ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৭:০০

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল, উৎসবের মঞ্চটা প্রস্তুত ছিল। বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার যারা কিনা বিদেশি বিভিন্ন নামকড়া লিগে খেলেন, এমন আটজন ফুটবলারকে নিয়ে একাদশ সাজানো হয়েছিল। বলা হচ্ছিল সম্প্রতি সময়ে বাংলাদেশের সেরা একাদশ এটা। আগের ম্যাচে এই বাংলাদেশ যেভাবে খেলেছিল তাতে প্রত্যাশা বেড়েছিল আরও। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচটার দিকে তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। কিন্তু সেই মঞ্চ পরে পরিনত হয়েছে শোকের মঞ্চে! সেমিফাইনালের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শেষ দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনের এক ভুল কাঁদিয়েছে পুরো দেশকে। শ্রাবনের ভুল পাস গিয়ে পরে পাকিস্তানি ফুটবলারের পায়ে। সেখান থেকে বল পেয়ে দারুণ এক গোল করেন আব্দুল সামাদ। বাকি কয়েক মিনিটে এই গোল আর শোধ করতে পারেনি বাংলাদেশ। বিদায় নিতে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে।

বিজ্ঞাপন

এমন ভুলের জন্য সমর্থক, সতীর্থ ও কোচের কাছে ক্ষমা চেয়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। অন্যদিকে, দলের কৌশল এবং খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশেষ করে তাঁকে মাঠে নামাতে দেরি করায় নিজের ক্ষোভের কথা জানিয়েছেন এই মিডফিল্ডার।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন শ্রাবণ। যদিও পুরো ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন তিনি, শেষ মুহূর্তের ভুলটিই হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণী। সেই ভুলের দায় এড়িয়ে যাননি এই গোলরক্ষক। রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অনুশোচনা প্রকাশ করেছেন তিনি।

শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম। ভাবিনি, আজ ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে। একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। এই ঘটনা আমার জন্য বেদনাদায়ক এক শিক্ষা হয়ে থাকবে। সতীর্থ, কোচ এবং দেশের প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

শ্রাবণের এই অনুশোচনার বিপরীতে দলের পরিকল্পনা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন জামাল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁকে কেন আরও আগে মাঠে নামানো হয়নি, সেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। টিম হোটেল ছাড়ার সময় সাংবাদিকদের কাছে ম্যাচের পর নিজের মানসিক অবস্থার কথাও জানিয়েছেন তিনি।

জামাল বলেছেন, ‘অনেক খারাপ লাগছে। ঠিকমতো ঘুমাতে পারছি না। সারা রাত, ভোর ছয়টা পর্যন্ত হামজার রুমে ছিলাম। আসলে ভেবেছিলাম, আমাকে আরও আগে মাঠে নামানো হবে। কিন্তু আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। এটা নিয়ে ম্যাচের পর অনেক কথা বলেছি। আমার খুব রাগ হয়েছিল। আমরা আগের ম্যাচের মতো খেলতে পারিনি। এর একটা কারণ হতে পারে কৌশলগত ঘাটতি। পাকিস্তান কি আমাদের জন্য খুব নতুন কোনো কৌশল নিয়ে এসেছিল? তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলবে, সেটা তো আমাদের জানা ছিল। সাধারণত পাঁচ ডিফেন্ডারের বিপক্ষে খেলার কিছু কৌশল বা সমাধান থাকে। কিন্তু এই ম্যাচে আমরা কোনো সমাধান খুঁজে পাইনি। বিষয়টি হতাশাজনক।’

মাঠে নামার সময় নিয়ে নিজের ক্ষোভের বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন জামাল। তাঁর দাবি, ম্যাচের শেষ দিকে তিনজন খেলোয়াড়কে একসঙ্গে প্রস্তুত হতে বলা হলেও শেষ পর্যন্ত তাঁকে মাঠে নামানো হয় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। এ নিয়ে ম্যাচ শেষে কোচের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জামাল বলেছেন, ‘দলের সবাই তখন ক্লান্ত ছিল। আমার মনে হয়েছিল, আমাকে আরও আগে নামানো হবে। আমাদের তিনজনকে একসঙ্গে ৮৬ মিনিটে প্রস্তুত হতে বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। ম্যাচ শেষে এ নিয়ে আমি অনেক কথা বলেছি। আমার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয়, এটা ঠিক সিদ্ধান্ত ছিল না। তবে এটাই জীবন। দিন শেষে আমরা হেরেছি, ফাইনালেও খেলতে পারিনি।’

দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে কোচিং ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দিয়েছেন জামাল। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ৪-০ গোলে জিতে বাংলাদেশ। সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরই গুরুত্বপূর্ণ ফুটবলারদের তুলে নেওয়ার দরকার ছিল বলেছেন জামাল।

জামালের ভাষায়, ‘ম্যাচ শেষে ড্রেসিংরুমে কোচ সবার সঙ্গে কথা বলেছেন। বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তবে শুধু খেলোয়াড়দেরই শিখলে হবে না, ম্যানেজমেন্টকেও শিখতে হবে। আগের ম্যাচে যখন আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম, তখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথা ভাবা উচিত ছিল। সবাই গুরুত্বপূর্ণ, তবে হামজার মতো খেলোয়াড়ের বিশ্রাম দরকার ছিল। কারণ, এর ৪৮ ঘণ্টা পরই আমাদের আরেকটি ম্যাচ ছিল। এখানে কিছু ভুল ছিল। তবে শেষ পর্যন্ত কে খেলবে, কে খেলবে না, সেটা কোচের সিদ্ধান্ত।’

পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক হামজা চৌধুরীও সতীর্থদের এককভাবে দায়ী না করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এমন হারের দায় কোনো একজনের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর