যশোর: সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছে যশোর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে বিজিবির সদর দফতরে সীমান্তে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন।
সাইফুল আলম খান বলেন, ‘নানা অপকৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালিয়ে যাওয়া নেতাকর্মীদের বেশিরভাগ কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছে। যেহেতু কলকাতা ও পশ্চিমবঙ্গের খুব কাছের সীমান্ত যশোর ও সাতক্ষীরা। ফলে ধারণা করছি, এই দুই সীমান্ত দিয়েই নেতাকর্মীরা অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্ত বিজিবির কঠোর নিরাপত্তা বলয় বৃদ্ধি করা হয়েছে।’
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে বিজিবি স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততায় সীমান্ত রাতদিন টহল বৃদ্ধি করবে। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য বিজিবিকে জানালে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। এই ক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, আগামীতেও দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিজিবির এই কর্মকর্তা।’
রাজনীতিক পটপরিবর্তনের পর থেকে গোপালগঞ্জে ৫ বার বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা হয়েছে। এতে সহযোগিতা করেছে স্থানীয় জনসাধারণ। এবারও সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ জনগণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে রাজনীতিক ও বিরোধী দলের নেতাকর্মীরাও ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।