Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ দলের সিলেট রোডমার্চ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ২০:৪৩

ঢাকা: ১১ দলীয় ঐক্যের চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং জনদুর্ভোগের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈমসহ অন্য নেতারা।

বিজ্ঞাপন

হামিদুর রহমান আযাদ বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সাত দফা দাবির প্রতি দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে সৃষ্ট অসন্তোষ ও অনাস্থার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু সরকার গণভোটের রায় বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বরং অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাতিল করে সরকার সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। জনগণের রায় উপেক্ষা করে দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিণতি শুভ হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দেশে একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। মানুষের জানমালের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। অথচ এসব অপরাধ দমনে সরকার দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতীয় সংসদে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে দল-মত ও পরিচয় নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

জাতীয় ঐক্যের বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, জাতীয় ঐক্য শুধু কথায় প্রতিষ্ঠিত হয় না; এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি বলেন, সরকার এসব বিষয়ে আন্তরিক ও কার্যকর উদ্যোগ নিলে ১১ দলীয় ঐক্য জাতীয় ঐক্যের বৃহত্তর আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত।

সিলেট অভিমুখে লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কর্মসূচিটি প্রথমে সড়কপথে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়। তবে রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার জন্য ট্রেন থামানোর প্রয়োজনীয়তা এবং একক রেললাইনের সীমাবদ্ধতাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে দেখা যায়, এতে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হতে পারে।

জনস্বার্থ ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লংমার্চ স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে ১১ দলীয় ঐক্য একচুলও পিছপা হবে না।

তিনি আরও বলেন, গণভোটের গণরায় নিয়ে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই। জনগণের রায় পাশ কাটিয়ে সংস্কার পরিষদ গঠন না করে কেবল সংশোধনের পথে হাঁটলে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান হবে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে ১১ দলীয় ঐক্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ধরনের ভাঙন বা বিভেদ নেই। ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। সরকারকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

১১ দলের সিলেট রোডমার্চ স্থগিত
১৫ নভেম্বর ২০২৬ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর