যশোর: যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. রাকিব হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা।
রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে ঝিকরগাছা থানার নাভারণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি দল। এ সময় রাকিবের চায়ের দোকানে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতার রাকিব ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার দুপুরে এসআরবি-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটকের পর থানা পুলিশের মাধ্যমে আসামিকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।