ঢাকা: উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল পাস হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে বিলটির ওপর বিরোধী সদস্যদের দেওয়া জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর বিলটি সংসদে উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
সংসদে বিলটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে জানানো হয়, বগুড়া ও এর আশপাশের এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়েই এই আইনটি প্রণয়ন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট এলাকার ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ করা, অপরিকল্পিত ও যত্রতত্র নগরায়ণ কঠোরভাবে প্রতিরোধ করা এবং একটি দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। পাশাপাশি এই আইনের মাধ্যমে অঞ্চলটির তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ ঘটানো এবং সাধারণ নাগরিকদের জন্য উন্নত ও মানসম্মত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে আইনটিতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ নামে একটি স্বতন্ত্র ও শক্তিশালী প্রতিষ্ঠান গঠনের বিধান রাখা হয়েছে।
উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক নগরকেন্দ্র হিসেবে বগুড়া ও এর সন্নিহিত এলাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের চাপ সামাল দিতে দীর্ঘদিন ধরেই একটি সমন্বিত কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সেই বাস্তবতায় দেশের অন্যান্য বড় শহরের উন্নয়ন সংস্থা অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে এই ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।
বিলটি পাসের প্রক্রিয়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সংসদকে জানান, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর পার্শ্ববর্তী এলাকার আধুনিক অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, তথ্যপ্রযুক্তি ও পর্যটনের প্রসার এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার জন্য একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হলো। নতুন এই কর্তৃপক্ষ গঠিত হলে বগুড়ার দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।