Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসা হত্যা মামলায় আজ হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ০৯:০৫

শিশু রামিসা।

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করবেন হাইকোর্ট। নিম্ন আদালতে হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় রায় ঘোষণার পর এবার উচ্চ আদালতেও মামলাটির নিষ্পত্তি হতে যাচ্ছে। দ্রুত বিচারপ্রক্রিয়ার কারণে মামলাটি দেশের বিচার বিভাগের ইতিহাসে বিশেষ গুরুত্ব পেতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে, সোমবার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়।

বিজ্ঞাপন

রাজধানীর পল্লবীতে নিজ বাসার পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল শিশু রামিসার মরদেহ। মামলার অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশুটিকে ধর্ষণ করেন। পরে অপরাধ আড়াল করতে রামিসাকে গলা কেটে হত্যা করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘটনার পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা ও ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে। এরপর নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের পর ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত শেষে পুলিশ দ্রুত অভিযোগপত্র দাখিল করে। এরপর মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

সব প্রক্রিয়া শেষে গত ৭ জুন মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায় ঘোষণা ছিল মামলাটির অন্যতম আলোচিত দিক। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে আইন অনুযায়ী হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। এ কারণে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি কারাগার থেকে জেল আপিল করেন।

মামলার গুরুত্ব বিবেচনায় হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

শুনানিতে রাষ্ট্রপক্ষ সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ তুলে ধরে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি দেয়। একই সঙ্গে স্বপ্না খাতুনের অপরাধে সংশ্লিষ্টতার বিষয় তুলে ধরে তাঁর মৃত্যুদণ্ডও বহাল রাখার আবেদন জানানো হয়। অন্যদিকে আসামিপক্ষ দাবি করে, ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ নেই। তাঁকে খালাস দেওয়ার আবেদনও জানানো হয়।

শুনানি শেষে আদালত রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এখন হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন মামলার দুই আসামি, নিহত শিশুটির পরিবার এবং দেশবাসী।

 

 

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর