Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে আইনমন্ত্রী / মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২১:০৯

ঢাকা: দেশের বহুল আলোচিত মেজর সিনহা মো. রাশেদ খান, বিশ্বজিৎ দাস এবং বুয়েট শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

একই সঙ্গে আট বছর বয়সি শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি জানান, শরিফ ওসমান হাদি হত্যা মামলারও সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিশেষ বিবৃতিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সংসদে দেওয়া বিবৃতিতে শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী জানান, এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।

এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে পর্যায়ক্রমে মেজর সিনহা, বিশ্বজিৎ দাস এবং আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি শুরু হবে। এটি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের দেওয়া প্রতিশ্রুতিরই অন্যতম বাস্তবায়ন এবং এ লক্ষ্যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে সংসদে বিরোধী দলের আন্তরিক সহযোগিতা কামনা করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে যত বাধাই আসুক না কেন, সরকার সেই লক্ষ্য থেকে বিচ্যুত হবে না এবং দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাবে।’

এ ছাড়া বিবৃতির এক পর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনজীবীর ওপর হামলার যে বিষয়টি উত্থাপন করেছিলেন, সে প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী। তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, ‘ওই হামলার বিষয়টিও সরকার অত্যন্ত গুরুত্বসহকারে দেখবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর