Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কৃষিজমি রক্ষা করেই অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৮:১৫

সংসদ অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের জনসংখ্যা ও আয়তনের ভারসাম্য বজায় রাখতে একান্ত প্রয়োজন ছাড়া কোনো অবকাঠামো বা রাস্তা নির্মাণের মাধ্যমে কৃষিজমি নষ্ট না করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ করে রংপুর অঞ্চলের মতো কৃষিপ্রধান এলাকায় দুই বা তিন ফসলি জমি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন তিনি। তবে রংপুর নগরীর তীব্র যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন সরকারপ্রধান।

বুধবার (১৮ নভেম্বর ) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল দীর্ঘদিন পর রংপুর সিটি করপোরেশনের জন্য ১ হাজার ৮১৩টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

সংসদে রংপুর নগরীর বর্তমান চিত্র তুলে ধরে মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘আয়তনের দিক থেকে রংপুর দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি করপোরেশন। প্রায় ২০৫ বর্গকিলোমিটার আয়তন এবং ৩৩টি ওয়ার্ডের এই নগরীতে প্রায় আট লাখ মানুষের বসবাস। এ ছাড়া, রংপুর বিভাগের আটটি জেলার মানুষ প্রতিদিন চিকিৎসা, শিক্ষা ও প্রশাসনিক কাজে এই শহরে যাতায়াত করেন। কিন্তু প্রধান সড়ক একটি হওয়ায় এবং দিনের বেলাতেও ভারী যানবাহন চলাচল করায় নগরীতে তীব্র যানজট লেগেই থাকে, যা মানুষের অসংখ্য কর্মঘণ্টা নষ্ট ও চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ এই ভোগান্তি লাঘবে তিনি অবিলম্বে রংপুর শহরের পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি তো টেকনিক্যাল লোক নই, তাই এই মুহূর্তে বিষয়টি কতটুকু সম্ভব তা বলতে পারছি না। এ বিষয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আমাকে আলাপ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘খুব প্রয়োজন হলে সরকার অবশ্যই রাস্তা বা অবকাঠামো নির্মাণ করবে, কিন্তু কোনোভাবেই কৃষিজমি নষ্ট করে নয়। নতুন কোনো রাস্তা বা স্থাপনা তৈরি করতে গেলে স্বাভাবিকভাবেই কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। যেসব অঞ্চলে দুই বা তিন ফসলি জমি রয়েছে, সেখানে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। রংপুর একটি কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এখানকার কৃষিজমির বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখতে হবে ।’ তবে বাইপাস সড়ক নির্মাণের সম্ভাব্যতা নিয়ে কারিগরি ব্যক্তিদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর